লুটপাটের অভিযোগে রাজীবপুরে হট্টগোল আওয়ামী লীগের বর্ধিত সভা পন্ড

0
1380

মাজহারুল ইসলাম,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতি ও সম্পাদকের বিরদ্ধে লুটপাটের অভিযোগ ওঠায় তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে। একপর্যায়ে সভা শেষ না করেই জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা ছেড়ে চলে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সভার একপর্যায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া অভিযোগ করেন, ‘রাজীবপুরে টিআর, কাবিটা কর্মসূচিতে লুটপাট করা হয়েছে। দলের সভাপতি ও সম্পাদক ওই লুটপাটের সঙ্গে জড়িত। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক শফিউল আলম একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ায় লুটপাটের মাত্রা বেড়ে গেছে অনেক। ’ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন হিরো অভিযোগ করে বলেন, ‘ভিজিডি সুবিধাভোগীদের তালিকা তৈরিতে জনপ্রতি চার হাজার টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। দলকে ভাঙিয়ে চেয়ারম্যান-মেম্বাররা ওই ঘুষ-দুর্নীতি করেছেন। এতে সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ’ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক আবদুল হাই অভিযোগ তোলেন, ‘প্রতিবারই খাদ্যগুদামে গম ক্রয়ে সাধারণ কৃষককে বঞ্চিত করা হয়েছে। গুদামে গম বিক্রি করেন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। এতে সরকারের দুর্নাম হয়। ’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের বিরদ্ধে অভিযোগ ওঠার পরই হট্টগোলের সৃষ্টি হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও অভিযোগ তোলার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের নেতারা সভা ছেড়ে চলে যান।
রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী আবদুল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here