লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী নাসিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাইদুর রহমান গাজী আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৫ আগষ্ট লক্ষ্মীপুরের রামগঞ্জের কাজিরখিল গ্রামে আসামী মোজাম্মেল হক তার নিজ বাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নাসিমা আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নাসিমার স্বজনরা তার স্বামী বাড়ীতে গিয়ে নাসিমার মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল খেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানান, ২০০৭ সালের ঘটনার পরদিন ১৬ আগষ্ট নিহতের ভাই মোঃ মমিন উল্যা বাদী হয়ে আসামী মোজাম্মেল হককে প্রধান আসামী করে অপর ২ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত শেষে অপর দুই আসামীকে অভিযোগ পত্র থেকে অব্যাহত দিয়ে ২০০৭ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।
লক্ষ্মীপুর জজকোট এর এপিপি আবুল বাসার জানান,বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানীতে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত স্ত্রী নাসিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী মোজাম্মেল হককে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত এ রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামী মোজাম্মেল হক পলাতক রয়েছে।
