লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

0
460

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরী গ্রামের চান্দার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

নিহতরা হলেন- হোগলডহরী গ্রামের মৃত বাসু মিয়ার ছেলে কামাল হোসেন (২৯) ও মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ফারুক হোসেন (২৪)। সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য তিনজন শ্রমিক হোগলডহরী গ্রামের চান্দার বাড়িতে যান। দুই শ্রমিক ট্যাংকে নেমে আর বের হচ্ছিলেন না। এতে ভয়ে তৃতীয়জন আর ট্যাংকে প্রবেশ করেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল বলেন, কাজ করতে গিয়ে দুই শ্রমিক মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here