রূপসা প্রতিনিধি,খুলনা: খুলনার রূপসায় কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় সিফাত রহমান পনির (২০) নামে এক যুবককে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রূপসা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তিলক গ্রামের জিএম তৈয়েবুর রহমানের কণ্যা নাফিজা নাওয়াল প্রেমার পরীক্ষার সিট কাজদিয়া কলেজ কেন্দ্রে পড়ে। সে সকালে সিট দেখার জন্য চাদনী, সৌমেন রায় চৌধুরী ও মো. সোহানুর রহমানকে সাথে নিয়ে ওই কলেজে আসে। পরে তারা কলেজ থেকে একশ গজ অদুরে আঠারোবাকী নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় উপজেলার পাঁচানি গ্রামের রনজিত রায়ের ছেলে সৌরভ রায় ও সামন্তসেনা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সিফাত রহমান পনির (এইচএসসি ক্যাজুয়াল পরীক্ষার্থী) প্রেমাকে ইভটিজিং করে। এমনকি তাদের ভয়ভীতি দেখিয়ে তাকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় প্রেমার সাথে থাকা সৌমেন ও সোহান এর প্রতিবাদ করলে তাদের মারপিট করে। এ ঘটনায় প্রেমা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানকে অভিযোগ করলে তার নির্দেশে পুলিশ পনিরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইভটিজার পনির কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন তিনি।
Advertisement

