১০৯। হাদীসঃ হযরত আনাস (রাঃ) বলেন, তোমাদের কাছে বেশি বেশি হাদীস বর্ণনা থেকে একটি কথাই আমাকে ফিরিয়ে রাখছে। তা হল, নবী করীম (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ১১০। হাদীসঃ হযরত সালামা ইবনুল আকওয়া (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছি, আমি যা বলিনি কেউ যদি এমন কথা আমার প্রতি মিথ্যারোপ করে, তার ঠিকানা হবে জাহান্নাম। ১১১। হাদীস: হযরত আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) ইরশাদ করেন, তোমরা আমার নামে নামকরণ করো, কিন্তু আমার উপনামে নামকরণ করো না। যে আমাকে স্বপ্নযোগে দেখতে পেল সে প্রকৃতই আমাকে দেখতে পেল। কারণ শয়তান কখনো আমার সুরত ধরতে পারে না। যে ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যারোপ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম।

