রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় প্রাইম হাসপাতালের স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের ছয়জন স্টাফ আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- আরমান (২৫), জনি (২২), আতাউর (২৪), মিলন (২৮), গোলাম রসুল (২৮) ও লিয়ন।
আহতরা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রাইম হাসপাতালে আসেন মুক্তিযোদ্ধা টাওয়ারের দ্বিতীয় তলার ১৪ নম্বর দোকানের মালিক দুই ভাই আশিক মাহমুদ সৌরভ ও আবির মাহমুদ টিটো। ওই দোকানের অ্যাডভান্স ও ভাড়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিষয়ে কথা বলতে তারা হাসপাতালের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকের রুমে প্রবেশ করেন। আশিক মাহমুদ চেয়ারম্যানকে দোকান ছেড়ে দিতে বলেন। পরে এ বিষয়ে সমঝোতা না হওয়ায় রাত দেড়টার দিকে রুম থেকে তারা বের হয়ে যান।
হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাত সোয়া দুইটার সময় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হলে প্রথমে আশিক মাহমুদ চেয়ারম্যানের গতিপথ রোধ করে দোকান ছেড়ে দিতে হুমকি দেন। চেয়ারম্যান তাকে চলে যেতে বললে তার ভাই আবির মাহমুদ ৮-১০ জন হাসপাতালের মালিককে ঘিরে ধরেন। পরে তাদের হামলায় হাসপাতালের ছয়জন স্টাফ আহত হন।
হাসপাতালের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাকে দেখে নেয়ার হুমকি দেয়ার কিছুক্ষণ পরে বাসায় যাওয়ার জন্য বের হলে আমার সামনে এসে কালকের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেন এবং গালিগালাজ করতে থাকেন। তাদের হামলায় হাসপাতালের ছয়জন স্টাফ আহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৭) দায়ের কর হয়েছে।’
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। হাসপাতালের মালিক এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।’

