রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম সেন্টুকে (৪৫), ২১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে রোববার দুপুরে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম সেন্টু উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর র্যাব-৫ উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পুঠিয়া-তাহেরপুর সড়কের সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সেন্টুকে ২১০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেন্টুর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি বলেন, তার ব্যাপারে জেলা ও কেন্দ্রীয় যুবলীগের সঙ্গে আলোচনা করে ঘটনার তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।।

