লক্ষ্মীপুরের রামগতিতে যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোররাতে রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার একটি ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মেয়েটির প্রেমিক দুলাল হোসেনকে আটক করছে পুলিশ। সকালে চরমনসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে সদর উপজেলার চরমনসা এলাকার হেজু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শনিবার সকালে ঘুরতে যাবার কথা বলে মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেয় প্রেমিক দুলাল। এরপর থেকে নিখোঁজ ছিল সে। আজ ভোররতে ফসলের মাঠে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক জানান, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে আরো কারা জড়িত ছিল, সে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

