বেনাপোল বন্দর থেকে ২০টি সোনার বারসহ সবুজ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সবুজ হোসেন (৩০) বেনাপোলের সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ইজিবাইক চালক। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, রবিবার সকালে বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, ‘ভারতে সোনা পাচারের’ গোপন সংবাদে বিজিবির টহলদল অভিযানে নামে। এ সময় সবুজের দেহ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন দুই কেজি ৩০০ গ্রাম। বারগুলো শুল্কভবনে এবং সবুজকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওয়াহাব ।

