বিশেষ প্রতিনিধিঃ ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ২ দিন পেছানো হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২২ নভেম্বর।
২০ নভেম্বর সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য কার্য তালিকায় ছিল।ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা চলতি সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান।
বিচারক তারিখ নির্ধারণ পরে করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ অবস্হায় বিচারক ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান।
১০ মিনিট পরে এজলাসে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ২ নভেম্বর একই আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সেদিন আদালত জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে । পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

