মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত

0
641

মানহানির দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ জামিন মঞ্জুর করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী জানান, সকাল সাড়ে ১০টায় বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি করা হলে দুপুর আড়াইটার দিকে বিচারক তাঁর দুই মামলার জামিন মঞ্জুর করেন।

Advertisement

এর আগে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত থেকে বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।

মানচিত্র, পতাকা ও মুক্তিযুদ্ধকে বিকৃতির অভিযোগ

মামলার বিবরণে জানা যায়, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত-৭-এ মানহানির মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর গত ১২ এপ্রিল আইনজীবীরা এ মামলায় তাঁর জামিন চান। এরপর গত ১৭ মে আদালত তৃতীয় দফায় সময় পিছিয়ে আদেশের জন্য আগামী ৫ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন। এ অবস্থায় তাঁর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগ

মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২-এ মামলাটি করেন। এ মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ২৫ এপ্রিল এ মামলায় বেগম খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু জামিন না দিয়ে ১৭ মে শুনানির দিন নির্ধারণ করেন আদালত। পরে ওই তারিখে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আদেশ দিয়ে ৫ জুলাই জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এ অবস্থায় তাঁর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here