মাদারীপুরে বিপুল পরিমাণ ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে। এসময় কারখানাটি সিলগালাসহ মালিক হাবিবুর রহমানকে (৫০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে রাফিয়া এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল তেল কারখানার সন্ধান পায় র্যাব-৮। র্যাব জানায়, ওই কারখানাটিতে অনুমোদনহীনভাবে মানব দেহের জন্য ক্ষতিকর পাম ওয়েল মিশ্রিত করে নিম্নমানের সরিষার তেল উৎপাদন করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পাম ওয়েল ও নকল সরিষার তেল জব্দ করা হয়। আটক করা হয় কারখানার মালিককে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান মাদারীপুর পৌর এলাকার মৃত ইদ্রিস হাওলাদারের ছেলে। মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরেই ভেজাল তেলের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল সরিষার তেলসহ তাকে আটক করা হয়।

