অবি ডেস্ক: পুরান ঢাকার বিখ্যাত মরণ চাঁনের মিষ্টি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। বিক্রি হচ্ছে খোলা অবস্থায়। মিষ্টির ওপরে যে নেট রয়েছে- সেখানে তেলাপোকার ডিমে ভর্তি। রাজধানীর নবাবপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তা চোখে পড়ে। এ অপরাধে মরণ চাঁনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, মরণ চাঁনের মিষ্টির অনেক সুনাম রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি মিষ্টি তৈরি করছে অস্বাস্থ্যকর পরিবেশে। তারা যে নেট ব্যবহার করছে- সেখানে তেলাপোকার ডিমে ভর্তি। এসব অভিযোগে ভোক্তা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অধিদফতরের এ কর্মকর্তা জানান, আজকে একই এলাকায় লাল চাঁন মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ফাহমিনা আক্তার, ইন্দ্রানী রয় এবং জান্নাতুল ফেরদাউস।অভিযানে সার্বিক সহযোগিতা করেন ওয়ারী থানা পুলিশ সদস্যরা।

