নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলটির মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হলো। দলটি শুরু করল তাদের আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা।
প্রধানমন্ত্রীর পক্ষে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বি এম শাহাবুদ্দিন আজম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
য
পূর্বঘোষণা অনুযায়ী আজ সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রির কথা ছিল আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
সরেজমিন দেখা গেছে, মনোনয়নপ্রত্যাশীরা শত শত নেতা–কর্মী সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর পক্ষে একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছিল।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি কলাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
জানা গেছে, ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানা গেছে

