ভালুকায় ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ

0
1261

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ভালুকায় তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে মঙ্গলবার রাতে ভুল অপারেশনে এক প্রসুতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিক মালিক ডা. মোশারফ হোসেনসহ তিনজনের নামে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।
উপজেলার সাতেঙ্গা গ্রামের আলী আকবর মানিকের স্ত্রী ও গফরগাঁও সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বষের্র ছাত্রী আছমা খাতুনের মঙ্গলবার সকালে প্রসব বেদনা উঠলে তাকে তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। ক্লিনিক মালিক ডা. মোশারফ হোসেন জরুরিভিত্তিতে তার অপারেশনের কথা জানান। রোগীর অভিভাবকরা অপারেশনের অনুমতি দিলে সকাল ১০টায় আছমার সিজার করা হয়। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু মোহাম্মদ কাইকোবাদ আছমাকে অজ্ঞান করান ও ডা. মোশারফ হোসেন অপারেশন করলে কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশনের পর আছমার রক্তক্ষরণ বন্ধ না হলে ক্লিনিকের লোকজন আছমার অত্মীয়স্বজনকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স আনতে বলেন। পরে মুমূর্ষু অবস্থায় আছমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে নবজাতক সুস্থ আছে। এ ঘটনায় আছমার বাবা মুক্তিযোদ্ধা আবু তালেব মৃধা বাদী হয়ে ডা. মোশারফ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনের নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্লিনিকের পরিচালক মোতাহার হোসেন রিপন জানান, প্রসূতিকে তাহমিনা হাসপাতালে সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হজরত আলী জানান, নিহতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আছমার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here