ভারত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে

0
736

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সেদিন ভারত থেকে বাংলাদেশে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করবেন।

Advertisement

নতুন করে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্ত বিদ্যুৎ সংযোগ গ্রিডে যুক্ত হবে। এই ৫০০ মেগাওয়াটের মধ্যে ৩০০ মেগাওয়াট আসবে ভারতের সরকারি খাত ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার প্লান্ট’ (এনটিপিসি) থেকে। অন্য ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে ভারতের বেসরকারি খাত ‘পাওয়ার ট্রেডিং করপোরেশন’ (পিটিসি) থেকে। জানা গেছে, বর্তমানে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের পরিমাণ ৬৬০ মেগাওয়াট। এর মধ্যে ৫০০ মেগাওয়াট পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় যুক্ত হয়েছে। বাকি ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লায় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে ভারত থেকে প্রথমবারের মতো বিদ্যুৎ আমদানি শুরু হয় কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে। পরের বছর দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত যৌথ স্টিয়ারিং কমিটি ভেড়ামারা আন্ত সংযোগ গ্রিডের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেয়। এরপর নতুন করে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য নতুন সাবস্টেশন নির্মাণ ও এর সঙ্গে ভেড়ামারা-ঈশ্বরদী ২৩০ কিলোভোল্ট (কেভি) ‘ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ নির্মাণ করা হয়েছে। জানা গেছে, গত ১১ এপ্রিল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের এনটিপিসি ও পিটিসি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করে। এর আওতায় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্প মেয়াদে এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০৩৩ সালের ৩১ মে পর্যন্ত দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ আমদানির কথা রয়েছে। এনটিপিসি থেকে আমদানি করা বিদ্যুতের দাম স্বল্প মেয়াদে ইউনিটপ্রতি চার টাকা ৭১ পয়সা এবং দীর্ঘ মেয়াদে ছয় টাকা ৪৮ পয়সা ধরা হয়েছে। অন্যদিকে পিটিসি থেকে আমদানি করা বিদ্যুতের দাম স্বল্প মেয়াদে ইউনিটপ্রতি চার টাকা ৮৬ পয়সা ও দীর্ঘ মেয়াদে ছয় টাকা ৫৪ পয়সা ধরা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রকাশিত ‘বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বাণিজ্য থেকে অর্থনৈতিক সুবিধা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই বাণিজ্য দুই দেশের জন্যই লাভজনক। বাংলাদেশের কাছে ভারতের বিদ্যুৎ অন্য যেকোনো উেসর তুলনায় সাশ্রয়ী। কূটনৈতিক সূত্রগুলো জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ থেকে এবং ২০১৬ সালে ত্রিপুরা থেকে বাংলাদেশে আমদানি শুরু হয়েছে। সাতক্ষীরা রামপালে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও  ভারতের এনটিপিসির মধ্যে সমান (৫০:৫০) অংশীদারি এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের সঙ্গে ভারতীয় সরকারি/বেসরকারি কম্পানিগুলো তিন হাজার ৬০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন/সরবরাহ/অর্থায়ন বিষয়ে চুক্তি সই করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্রেও গত দুই বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভারতের সরকারি খাতের অনেক প্রতিষ্ঠান যেমন ইন্ডিয়ান ওয়েল করপোরেশন, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, পেট্রোনেট এলএনজি লিমিটেড তেল-গ্যাস খাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর পর্যন্ত ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন নির্মাণে অর্থায়ন করতেও ভারত রাজি হয়েছে। এ ছাড়া ভারতের তেল ও প্রাকৃতি গ্যাস করপোরেশন (ওএনজিসি) বিদেশ লিমিটেড অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে কনসোর্টিয়ামের ভিত্তিতে দুটি ব্লকে অনুসন্ধান চালাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here