ব্লেড চালিয়ে ও চাকু মেরে আহত

0
732

মাদারীপুরে বাসায় ঢুকে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে ব্লেড চালিয়ে ও চাকু মেরে জখম করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শাওন খান (২২) নামের এক বখাটে ওই ছাত্রীর ওপর এভাবে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহত ওই কলেজছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও কলেজছাত্রীর পরিবারের সদস্যদের ভাষ্য, শহরের রকেট বিড়ি এলাকার শাওন বেশ কিছুদিন ধরে ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। কলেজে আসা-যাওয়া এবং প্রাইভেট পড়তে গেলে শাওন ওই ছাত্রীর পিছু নিতেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীকে একজায়গায় তাঁর সঙ্গে দেখা করতে বলেন শাওন। কিন্তু ওই ছাত্রী না এলে তিনি ক্ষিপ্ত হন। রাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে ব্লেড ও চাকু দিয়ে তাঁর মুখমণ্ডলে আঘাত করে শাওন পালিয়ে যান। পরে ওই ছাত্রীকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কলেজছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে অনেক দিন ধরে ওই শাওন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাস্তাঘাটে উত্ত্যক্তও করত। এ জন্য আমার মেয়ে কলেজ ও প্রাইভেট পড়তে যেতে ভয় পেত। আমার মেয়ের ওপর হামলাকারী শাওনের বিচাই চাই।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে শাওনের বাবা আনু খান বলেন, ‘আমার ছেলে কাউকে ভালোবাসতে পারে বা ভালোবাসার প্রস্তাব দিতে পারে, তা হয়তো বিশ্বাসযোগ্য। কিন্তু বাসায় ঢুকে কোনো মেয়েকে জখম করে আসা, এটা আমি বিশ্বাস করি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এমনটা করা হচ্ছে।’ মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎো কর্মকর্তা আসিফ আল-নাঈম বলেন, ‘আহত কলেজছাত্রীর মুখমণ্ডলে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন থাকায় আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছি।’ মাদারীপুর সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘এক বখাটে ছেলে বাসায় ঢুকে এক মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে—এমন খবর পেয়েই আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। রাতেই মামলা তালিকাভুক্ত করেছি। বখাটে শাওনকে গ্রপ্তারে অভিযান চলছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here