সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় র্যাব-৯, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এর সমন্বিত ভেজাল বিরোধী অভিযানে সান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য জব্দ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর বন্দর বাজারস্থ লালদিঘীরপাড় নতুন মার্কেটে এ ভেজাল বিরোধী অভিযান নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ। বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে সান এন্টার প্রাইজ থেকে ৯০ কেজি ভেজাল হলুদের গুড়া, ৩০০ কেজি ভেজাল মরিচের গুড়া, ৬০ লিটার ভেজাল সস, ৫১০ পিচ মেয়াদোত্তীর্ণ গোল্ডেন টেস্টি, ৯৬ পিচ মেয়াদোত্তীর্ণ গোলাপজল, ১০০ বোতল মেয়াদোত্তীর্ণ আচার, ৬০ পিচ মেয়াদোত্তীর্ণ গোল্ডেন মটরসুটি, ৭০ পিচ মেয়াদোত্তীর্ণ গোল্ডেন সুপার কন ফোলার, ২৪ পিচ মেয়াদোত্তীর্ণ বিস্কুট ফ্লেভার, ২০ পিচ মেয়াদোত্তীর্ণ মিল্ক ফ্লেভার, ২৫ পিচ মেয়াদোত্তীর্ণ ঘি ফ্লেভার, ১৫০ পিচ মেয়াদোত্তীর্ণ ঘি, ৬০ লিটার মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকার কেমিক্যাল জব্দ করা হয়। এসময় ভেজাল পণ্য রাখা এবং বিক্রির দায়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত পণ্য সামগ্রী ধ্বংস করে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

