বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আরও পাঁচ সেবাপ্রদানকারী সংস্থার সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হবে।
বর্তমানে বিডার অনলাইন পোর্টাল ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের ৪১টি সেবা প্রদান করা হচ্ছে।
নতুন যে পাঁচটি প্রতিষ্ঠানের সেবা ওএসএস পোর্টালে যুক্ত হতে যাচ্ছে সেগুলো হলো- বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, নিবন্ধন অধিদফতর, ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড।
এ বিষয়ে বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল জানান, বিডা বর্তমানে ৪১টি সেবা দিচ্ছে। বিডার অনলাইন ওএসএসের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ৪১টি সেবা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার আরও পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। সেগুলোর কাজ সম্পন্ন হলে আরও বেশকিছু সেবা যুক্ত হবে বিডার ওএসএসে।

