বাসের চাকায় প্রাণ গেল আরেক শিশুর

0
647

বাসের চাপায় ঢাকার দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে উত্তপ্ত হয়ে আছে রাজধানী শহর। এ আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। আর এর মাঝেই প্রাণ গেল আরেক শিশুর। সাতক্ষীরার মাধবকাটিতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের এক কন্যাশিশু নিহত হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে কলারোয়া উপজেলা সদর থেকে জব্দ করতে পারলেও বাসের চালককে আটক করতে সক্ষম হননি। নিহত শিশুটির নাম বুশরা খাতুন। সে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের লিয়াকত সরদারের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে শিশু বুশরা বাড়ি থেকে বের হয়ে তার এক আত্মীয়ের বাইসাইকেলের পিছনে বসে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাদেরকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু বুশরা ছিটকে ওই যাত্রীবাহী বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে ধাওয়া করলে বাসের চালক ও হেলপার বাসটিকে কলারোয়া উপজেলা সদরে ফেলে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, ঘাতক বাসটিকে জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here