উপকূলীয় প্রতিনিধি,পটুয়াখালী: মহিপুরে গাছ বোঝাই বাবার ইঞ্জিনচালিত টমটমের নিচে চাপা পড়ে বাবুল (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এতে বাবা রুহুল আমিনও গুরুত্বর আহত হয়েছেন বলে মহিপুর থানা পুলিশ জানিয়েছে। বুধবার ১১ টায় মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেখলেছ জানিয়েছেন, বুধবার সকালে রুহুল আমিন নিজের ইঞ্জিন চালিত টমটমে গাড়িতে গাছ বোঝাই করে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন। তার ছেলে বাবুল টমটমের ওপর বসেছিল। টমটমটি নিজশিববাড়িয়া এলাকায় রাস্তা থেকে ছিটকে পরে। সে সময় বাবুল গাছের নিচে চাপা পড়ে মারা যায়। দূর্ঘটনায় বাবা রুহুল আমিনের ডান পা ভেঙ্গে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। শিশু বাবুলকে তার বাবার মোয়াজ্জমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত ছেলে ও আহত বাবাকে উদ্ধার করা হয়েছে।

