দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও সেবিকা স্বল্পতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিগগিরই ৪ হাজার ৫০০ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। বাকি ৫ হাজার ৫০০ চিকিৎসক নিয়োগ দেয়া হবে আগামী বছরে।
রোববার দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নবনির্মিত ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনবল সংকটের কারেণ আশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি না। আশা করছি নিয়োগ প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা আর থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আন্তরিক।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। আমরা দেশের সকল শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।
তিনি বলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ রূপ প্রায়ই হয়ে গেছে। আশা করছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম তাড়াতাড়িই শুরু হবে। ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির ব্যবস্থা সময় মতোই করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমীন মিঞা প্রমুখ।

