রেলপথ মন্ত্রী বলেছেন, বর্তমান সরকার জনগনের কল্যাণে সবকিছু করছে। আর জনকল্যাণে মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের জন প্রতিনিধিদের সাথে মিলে কাজ করতে হবে বলে রেলপথ মন্ত্রী বলেন।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ তে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ কথা বলেন। রেলপথ মন্ত্রী এ সময় সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েকজনের প্রর্শ্নেও জবাব দেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক বলেন ফরিদপুরের মধুখালী থেকে প্রস্তাবিত মাগুরা রেললাইন ঝিনাইদহ পর্যন্ত নেয়ার জন্য সেখানকার জনগনের দাবী রয়েছে। মন্ত্রী এ সময় বলেন, পর্যায়ক্রমে সারা দেশকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মাগুরার পরে ঝিনাইদহ পর্যন্ত নেয়া হবে বলে তিনি জানান।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত রেল লাইনের দাবী জানালে মন্ত্রী জানান এ সংক্রান্ত একটি প্রকল্পের যাচাই কাজ চলছে। অর্থায়ন পাওয়া গেলে এ লাইন নির্মান করা হবে।
দিনাজপুর জেলা প্রশাসক হিলি স্থলবন্দরের রেলওয়ে স্টেশনটি জিরো পয়েন্ট থেকে ১/২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে স্থানান্তরের দাবী জানালে মন্ত্রী বলেন যাচাই সাপেক্ষে স্টেশন ভিতরে আনার ব্যবস্থা করা হবে।
রেলপথ মন্ত্রী এ সময় জেলা প্রশাসকদের সামনে বলেন, বিএনপি সরকার রেলখাতকে ধ্বংশ করে গেছে। বর্তমান সরকারই এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমানে ৪৪ টি প্রকল্প চলমান আছে । প্রকল্প গুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে। আর এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মন্ত্রী উল্লেখ করেন। অতীতের মতো ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন।
এ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মোফাজ্ঝেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।।
