বরিশাল প্রতিনিধী: মহামরি করোনা প্রবাসে কর্মরত বরিশালের শ্রমিকদের নানামুখী বিপদের সম্মুখীন করেছে। চাকরি হারিয়ে নিজ বাড়িতে চলে এসেছে অধিকাংশ শ্রমিক। অনেকে আবার জেল খাটছে।
কেউ কেউ দেশে না এসে সবকিছু হারিয়ে প্রবাসেই মানবেতর জীবনযাপন করছে। তবে আরও শ্রমিক দেশে ফিরতে পারে বলে শোনা যাচ্ছে। বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়,বিদেশ ফেরত কর্মীদের গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ডাটাব্যাংকে নাম রেজিস্টেশন শুরু করেছে তারা।
এ কার্যক্রমে এখন অবদি বরিশাল জেলার ৬৫০ জন প্রবাসী তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে মাত্র ১৭ জন প্রবাসী লোনের আবেদন করেছে। বাকি সবাই করেছে মানবিক সহায়তার আবেদন। কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, চাকরি না থাকা, ভিসা পেতে জটিলতাসহ নানা কারণে তারা আর বিদেশে যেতে পারছে না।
ফলে চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছে। করোনা শুরুর পর তারা দেশে ফিরেছেন। তাদের কেউ এসেছেন কাজ হারিয়ে। কেউ ভিসার মেয়াদ নবায়ন না হওয়ায়। আবার অনেকেই দেশে বেড়াতে এসে আটকা পড়েছেন বিভিন্ন দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞায়। এর মধ্যে অনেকেই ফিরে এসেছেন একেবারে। তারা আর বিদেশ যাবে না। কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে আরও জানা যায়, এদের মধ্যে সবাই দুবাই, কাতার, মালয়েশিয়া, কুয়েত, ইটালি, সৌদি, ওমান, লেবানন, সিঙ্গাপুর, বুরনাই, কম্বোডিয়া, বাহারাইন ফেরত।
বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ জানান, আমরা ৬ সেপ্টেম্বর নাম রেজিস্টেশন শুরুর পর থেকে সবাই সহায়তার জন্য আবেদন করছে। আমারাও বিদেশ ফেরত মানুষের বিভিন্ন দিক বিবেচনা করে আবেদন গ্রহন করছি। আমরা মানবিক সহায়তার তালিকাগুলো জেলা প্রশাসকের কাছে পাঠাবো। সেখান থেকে উপজেলা ভিত্তিক তালিকা করে মানবিক সহায়তার জন্য আবেদনকারীদের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় এবং উপজেলা প্রশাসন সহায়তা করবে। এছাড়া যারা লোনের আবেদন করেছেন তাদের বিভিন্ন দিক বিবেচনা করে প্রবাসী কল্যান ব্যাংক লোন দিয়ে সহায়তা করবে।

