অবি ডেস্কঃ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক সাংবাদিককে ধমক দিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহে আলম। বুধবার (১৯ ডিসেম্বর) বরিশাল নগরীর সাউথ কিং রেস্তোরায় বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুসারে বেলা ১২টায় ওই রেস্তোরায় মতবিনিময় সভার আয়োজন করেন বরিশাল-২ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী শাহে আলম। শুরুতেই তিনি তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। তার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে চ্যানেল ২৪’র বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা সংবাদ সরাসরি সম্প্রচারের জন্য কথা বলতে থাকা শাহে আলমের কাছ থেকে অনুমতি নিতে যান।
একইসাথে অনুরোধ জানান, যেন সরাসরি সম্প্রচারে প্রার্থী (শাহে আলম) কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন শাহে আলম। তিনি বলেন, ‘আমি এসব ডিজার্ব করি না। এই ছেলে তুমি চেনো আমাকে? আমি শাহে আলম! তোমার সম্পাদক কে? তাকে আমার কথা জিজ্ঞেস করো।’ একপর্যায়ে তিনি আবারও বলেন, ‘আমি শাহে আলম। তোমার সম্পাদককে ফোন দেব?’
সংসদ সদস্য প্রার্থীর এমন আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দসহ সংবাদকর্মীরা। তার ‘চেনো আমাকে, আমি শাহে আলম’ বক্তব্যটুকু প্রত্যাহারের অনুরোধ জানান উপস্থিত সাংবাদিকরা। কিন্তু তিনি তার অবস্থানে অনঢ় থাকেন।
শাহে আলমের এমন আচরণে মতবিনিময় সভা বর্জন করেন সাংবাদিকরা। একপর্যায়ে চ্যানেল ২৪’র ব্যুরো প্রধানের সাথে অসৌজন্যমূলক আচরণে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝি কথা বলে মিটিয়ে নেওয়ার জন্য শাহে আলমকে অনুরোধ করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। কিন্তু শাহে আলম বলেন, ‘আমি কোন ভুল করিনি। আমি ঠিক করেছি’। এ বিষয়ে চ্যানেল ২৪’র বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা বলেন, ‘পুরো ঘটনায় আমি বিব্রত।’

