পটুয়াখালী প্রতিনিধি: একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার শ্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক নানারকম ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে মানব বন্ধন করেছে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে অংশ নেন জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ সহ অংগ সংগঠনের সহস্ত্রাধিক নেতা কর্মী। এ সময় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র লাল চন্দ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার প্রমুখ। বক্তারা বলেন জাতির পিতার ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে যে গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদেও জাতি কোন ভাবেই ক্ষমা করবেনা।
এছাড়া সমগ্র মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাস্কর্য শোভা পাচ্ছে সেখানে ধর্মেও কোন বিধিনিষেধ নেই। তাই ধর্মের দোহাই দিয়ে যারা নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় তারা কখনও জনগনের বন্ধু হতে পারেনা। এদেরকে বয়কট করে সমৃদ্ধ জাতি গঠনের আহবান জানান তারা।

