ফেনী প্রতিনিধি: ফেনী সদরে ভিক্ষুক লাতু মিয়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা লাতু মিয়ার হাতে তুলে দিয়েছেন ডিসি মো. ওয়াহিদুজ্জামান।
গ্রেফতাররা হলেন, মো. অলি, মো. আনোয়ার। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে সদর হাসপাতাল মোড়ে লাতু মিয়ার কাছ থেকে ১৯ হাজার পাঁচশ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় মামলা করেছেন লাতু মিয়া। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
ডিসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের খবর ফেসবুকে ভাইরাল হলে দেশ-বিদেশ থেকে পাঠানো ৫৭ হাজার আটশ টাকা লাতু মিয়ার হাতে তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিনের মতো ভিক্ষা করে রাতে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ লাতু মিয়া। কিন্তু হঠাৎ দুজন লোক এসে তাকে কোমল পানীয় খেতে দেয়। এতে তিনি অনিহা দেখালে থাপ্পড় মারার ভয় দেখিয়ে তার ঝুলিতে থাকা সাড়ে ১৯ হাজার টাকা নিয়ে যায় তারা।
গত মঙ্গলবার রাতে ফেনীতে এ ঘটনা ঘটে। লাতু মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলি আজমের ছেলে। তবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নিত্য যাতায়াতকারীদের কাছে তার মুখটি পরিচিত। অবশেষে ফেনী সদরে ভিক্ষুক লাতু মিয়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রতে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

