কুমিল্লায় প্রেমঘটিত বিষয়ে বাগ্বিতণ্ডার জেরে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। শহরের উত্তর রেসকোর্স এলাকায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার একটি মেসে সাগর দত্ত (১৯) নামের এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবদ্ধ হয়েছেন সজীব সাহা নামের এক কলেজশিক্ষার্থী।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল ও একটি ছোরা উদ্ধার করেছে। ঘটনাস্থল তিনতলা ভবনের নিচতলায় ছয় হিন্দু ছেলের মেস। সেখানে সাগর আর সজীবও থাকতেন। গতকাল মঙ্গলবার রাতে মেসে কোনো এক সদস্যের বোনের সঙ্গে প্রেমঘটিত ব্যাপার নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ছুরি দিয়ে সাগর দত্তের গলা কেটে হত্যা করা হয়।

