প্রিন্টিং প্রেস কারখানার আড়ালে তৈরি হচ্ছে আইসক্রিম। মুকসুদপুর উপজেলা সদরের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান অভিযানে গিয়ে এ চিত্র খুঁজে পান।
কারখানাটির নাম ‘আলম প্রিন্টিং প্রেস’। শামীম হাসান জানান, আইসক্রিম ফ্যাক্টরিতে দেখা যায়, আইসক্রিমে কোনও মোড়ক নেই, বিএসটিআইয়ের অনুমোদন নেই, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে আইসক্রিম তৈরি করছে। যা ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম। তাই কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দইয়ের ওজনে কারচুপির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি প্রতিষ্ঠানকে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখার জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়। মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা, জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

