ভাতা বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের শাহবাগে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। বাধা পেয়ে তারা বিএসএমএমইউর বটতলায় এসে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে।
Advertisement
রোববার বেলা ১১টার দিকে তারা বটতলায় অবস্থান নেয়।
জানা গেছে, বেলা ১১টা থেকে মূল ফটক দিয়ে শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু পুলিশের বাধায় তারা বিএসএমএমইউর কোনো ফটক দিয়েই বাইরে বের হতে পারেননি। ফলে বিএসএমএমইউর চিকিৎসকসহ শিক্ষকদের অবরোধের ঘোষণা দেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।
আন্দোলনরত চিকিৎসকরা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড়ে আমাদের অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারিনি। তাই আমরা দাবি আদায়ে বিএসএমএমইউর ভিতরেই অবস্থান কর্মসূচি পালন করব।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালন করলেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাচ্ছেন না এ চিকিৎসকরা। তবে তারা বলছেন, এবার ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন।

