-মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে গৃহবধূ আদুরী বেগমের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত আদুরী বেগম বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের রড শ্রমিক মিজানুর রহমানের স্ত্রী।
নিহত গৃহবধূর শ্বশুর করিম মৃদ্ধা জানান, গত দুই মাস আগে তার ছেলে মিজানুর কক্সবাজারের উখিয়ায় রডমিস্ত্রির কাজে গেছে। আদুরী তার কোলের দুই ছেলেসন্তানকে নিয়ে একটি ছাপড়া ও পাটকাঠির বেড়ার ঘরে থাকতো। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায় বিছানার উপরে আদুরীর গলাকাটা লাশ। শিশুদের হাতে পায়ে ওদের মায়ের রক্ত লেগে আছে। পরে স্থানীয় মেম্বারকে খবর দেয়া হয়। সদর থানার এসআই বদিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে। হত্যাকারী গলাকেটে হত্যাকান্ড ঘটিয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে হত্যার সঠিক কারণ অনুসন্ধানে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। উল্লেখ্য, গত ৩ আগস্ট শুক্রবার জেলা সদরের পশ্চিম মূলঘর থেকে দাদি ও নাতনীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।সেই ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত ঘটনার সঠিক কারণ ও হত্যাকারীদেরকে সনাক্ত করতে পারেনি পুলিশ।

