কুমিল্লার চান্দিনায় জামাল হোসেন (৩০) নামে নিখোঁজের তিন দিন পর এক হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নেয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সোমবার সকালে চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ডের হারং পশ্চিমপাড়া এলাকার ফসলী মাঠ থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত জামাল হোসেন ওই হারং গ্রামের তাজুল ইসলামের ছেলে।
তিনি হকারী করে ঝাল মুড়ি বিক্রি করতেন। নিহতের স্ত্রী পারভীন জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে হোসেন ও কামাল নামে দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারা রাত জামাল ঘরে না ফেরায় পরদিন সকালে হোসেন ও কামালের বাড়িতে গিয়ে খোঁজ নিতে গেলে তারা কিছু জানে না বলে আমাদের জানায়। শনিবার সারাদিনও জামালের কোনো খোঁজ না পেয়ে চান্দিনা থানাকে অবহিত করি। এদিকে সোমবার সকাল ৭টার দিকে হারং গ্রামের এক কৃষক ফসলী মাঠে ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের জানায়। এসময় জামাল হোসেনের পরিবার ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে জামাল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বোন জাহানারা বেগম জানান, ‘বৃহস্পতিবার আমার বাবা গরু বিক্রি করলে শুক্রবার সকালে আমার বাবার কাছ থেকে ২১ হাজার টাকা নিয়ে যায় আমার ভাই জামাল হোসেন। ওই টাকার জন্যই তারা আমার ভাইকে মেরে ফেলে।’ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো- হারং গ্রামের আব্দুল মতিনের ছেলে কামাল (২৭) ও আব্দুর রবের ছেলে আবুল হোসেন (২৬)। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

