ধর্মীয় ভাবগাম্ভীর্যে বুদ্ধ পূর্ণিমা পালিত

0
1378

উৎসাহ-উদ্দীপনায় বুধবার ঢাকাসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে বিকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি বলেন, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, অহিংস পরম ধর্ম মহামতি গৌতম বুদ্ধের এ বাণী আজও সমভাবে প্রযোজ্য। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা রামুর সীমা বিহারের প্রধান ধর্মপ্রিয় মহাথেরোসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া শ্রীলংকার হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকারা, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্টু থানসহ চীন, উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ভুটান, সিঙ্গাপুর, ভিয়েতনামের কূটনীতিকরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেশজুড়ে বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা হয়। মানব জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা হয়।
গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ- এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।
বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
বুধবার সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। অংশ নেন হাজারো বুদ্ধভক্ত। রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে আলোচনা সভা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ ছাড়া সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া ও ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ানাপংস বক্তব্য দেন।
বুধবার সকালে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ ‘শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব-২০১৭’-এর আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং এমপি, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়–য়া, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্মল রোজারিও, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সারা দেশের ন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটেও নানা আয়োজনে দিনটি উদ্যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here