অপরাধ বিচিত্রাঃ
ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি. বলেছেন, সম্পদের মালিক, দেশের রাষ্ট্রের মালিক জনগণ। মানুষের মৌলিক অধিকার যদি রক্ষা না হয়, দেশের পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন এর অংশগ্রহণে বাংলাদেশের ভূমি আইন: অধিকারভিত্তিক বিশ্লেষণ ও প্রস্তাবিত পরিবর্তন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। সভায় অধ্যাপক ড. আবুল বারকাত (টিম লীডার) এর নেতৃত্বে বিচারপতি কাজী এবাদুল হক, এ.কে.এম. জহির আহমেদ, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, ড. এ.কে.এম. হেলাল-উজ-জামান, টি. আই. এম. নুরুন নবী চৌধুরী, অধ্যাপক সুভাস কুমার সেনগুপ্ত, এ্যাডভোকেট কাওসার আহমেদ আলোচনায় অংশ নেন। সভায় চরের জমি, জলমহাল, চিংড়ি মহাল, পাথর মহাল, বালু মহাল, চা বাগানের জমি, কৃষি খাস জমি, অকৃষি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ভূমি অধিগ্রহণ, ভূমি প্রশাসন, ভূমি সংস্কার, ভূমি ব্যবহার, ওয়াকফ, ট্রাস্ট, দেবোত্তর সম্পত্তি, ভূমি জরিপ, ভূমি রেজিস্ট্রেশন এবং আদিবাসী ভূমি আইন (বন আইনসহ) ২০টি বিষয়ে বিশ্লেষণাত্মকসহ অগ্রাধিকারভিত্তিক দরিদ্র ও প্রান্তিক মানুষের ভূমি অধিকার নিশ্চিত হওয়ার বিষয়টি ড. আবুল বারকাত সভায় উপস্থাপন করেন। মন্ত্রী মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক উপস্থাপিত গবেষণালব্ধ বিষয়গুলো ধৈর্যসহকারে শ্রবণ করেন এবং এ বিষয়ে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমান্বয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে জনমানুষের মতামতের ভিত্তিতে ভূমি ব্যবস্থাপনার আইনগত জটিলতাসমূহের সমাধান করা হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দর্শন, আইনের প্রয়োগ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে টীমওয়ার্ক কাজ না করলে পরিবর্তন সম্ভব নয়। তিনি সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশের জমির শিলিং নির্ধারণ করে গিয়েছিলেন। মন্ত্রী বলেন, মোগল, পাঠান, ব্রিটিশ, পাকিস্তান আমল থেকেই জমির মালিকানা নিয়ে নানা পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে। তিনি বলেন, একশ্রেণির সুবিধাভোগীরা এ ধরনের পরিবর্তনে সুবিধা ভোগ করে আসছে দীর্ঘদিন যাবৎ। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দুঃখী মেহনতী মানুষের ভাগ্যোন্নয়নে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, মৎস্যজীবী, কৃষিজীবী, ভূমিহীন, গৃহহীন সকল পেশার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক রয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ভূমি সচিব মেছবাহ উল আলম তাদের উপস্থাপিত বিষয়ের উপর আলোচনা করেন।

