সিলেটে খাদ্যপণ্য প্রস্তুতকারী মঞ্জিল গ্রুপ এবং মধুফুল-এর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অনিয়ম পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর ফলে উভয় প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে নগরীর গোটাটিকরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় মঞ্জিল গ্রুপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, মধুফুলের ফ্যাক্টরিতে নিম্নমানের নিষিদ্ধ পণ্য মজুদ করে রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

