অবি ডেস্কঃ রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৫ গ্রাম ৯১৭ পুরিয়া হেরোইন, ১৩৩ কেজি ২৮০ গ্রাম ১২ পুরিয়া গাঁজা, ১৬ ক্যান বিয়ার, ৪ লিটার দেশী মদ ও ২০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২৭ জানুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।
অপরদিকে রাজধানীর মতিঝিল থেকে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতরা হল-মোঃ জামাল মিয়া (৪২), নবী হোসেন (৩৯) ও রোশন মিয়া (৩৫)। এ সময় তাদের হেফাজত হতে ১৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার ২২.২৫ টায় মতিঝিল থানাধীন এজিবি কলোনীর পশ্চিমে ও মতিঝিল টিএন্ডটি স্কুলের পূর্ব পার্শ্বের পাকা রাস্তায় তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ গাঁজা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসতেছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।

