বাবা আমাকে যা বলেছিলেন, আমি সেটিই বিশ্বাস করি। কারণ আমার জানামতে, বাবা কখনও আমাকে মিথ্যা বলেননি। আমার বাবাকে খুন করা হয়েছে। দোষীদের শাস্তি আগেও চেয়েছি এখনও চাই- প্যারিস অসাধারণ গায়কী আর মুন ওয়াক স্টাইল দিয়ে দুনিয়া কাঁপিয়েছেন পপ দুনিয়ার কিংবদন্তি মাইকেল জ্যাকসন। কথা উঠেছিল বাবাকে অনুসরণ করে তার দেখানো পথেই হাঁটবেন কন্যা প্যারিস জ্যাকসন। এমন প্রতিভাও রয়েছে তার মধ্যে। বাবার সুমধুর কণ্ঠ কিছুটা হলেও পেয়েছেন তিনি। কিন্তু না, বাবার পথে হাঁটছেন না প্যারিস। নিজের পথ নিজেই করে নিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যমে। কণ্ঠ দিয়ে নয়, অভিনয় দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। হাঁটছেন সে পথেই। তাই আপাতত গান থেকে দূরেই অবস্থান করছেন এ পপসম্রাট কন্যা। অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। কিছুটা থিতু হয়েই এ অঙ্গনে পা রাখবেন তিনি। তবে এ অঙ্গনে তার যাত্রা হলিউডের গতানুগতিক ধারার ছবি দিয়ে হচ্ছে না। কিছুটা অফট্র্যাকের ছবি দিয়ে যাত্রা করছেন প্যারিস। অ্যামাজন স্টুডিওর নতুন একটি প্রকল্পের ছবিতে নিজের নাম লিখিয়েছেন বেশ ক’দিন আগেই। সেটিকেই এখন ধ্যানজ্ঞান বানিয়ে নিয়েছেন তিনি। নাম ঠিক না হওয়া ওই ছবিতে ‘নেলি’ নামের এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, অন্ধকার জগতের এক মার্কিন ব্যবসায়ী হ্যারল্ড সোয়িঙ্কার গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এ হ্যারল্ড একজন সাধারণ নাগরিক থেকে সন্ত্রাসী বনে যান। ছবিটি পরিচালনা করবেন ন্যাশ এডগারটন। প্যারিস জ্যাকসনের সঙ্গে এতে জোয়েল এডগারটন, আমান্ডা সেফ্রাইড, শার্লিজ থেরনের অভিনয় করার কথা রয়েছে। এর আগে একাধিক মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছেন প্যারিস। তিনটি ফ্যাশন ম্যাগাজিনে তার ছবি প্রচ্ছদও হয়েছে। এ ছাড়া তিনি কয়েকটি নামি ব্র্যান্ডের সঙ্গে কাজের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। বুঝাই যাচ্ছে বাবার মতো গানের পোকা মাথায় নেই তার। মস্তিষ্কে চেপেছে অভিনয়ের ভূত। এ ভূতই তাড়িয়ে বেড়াবে প্যারিসকে। অভিনয় দিয়ে খ্যাতির পেছনে ছুটবেন তিনি। তবে বাবার পথ ছেড়ে অন্য এ পথে কতটা সাফল্য পাবেন সেটিই এখন দেখার বিষয়। মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর নানা কারণে আলোচনায় আসেন প্যারিস। বাবার স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করে বিশ্ব মিডিয়া ছুটে তার পেছনে। কিন্তু নিজের সম্পর্কে স্পষ্ট জানিয়ে দেন প্যারিস। তিনি বলেন, আমার বাবা তার চোখের দিকে ইঙ্গিত করে আমাকে বলেছিলেন, তুমি কৃষ্ণাঙ্গ। নিজের অবস্থান থেকেই গর্ববোধ করো। সেই থেকে আমি নিজেকে কৃষ্ণাঙ্গ মনে করি। সে সময় বাবা মাইকেল জ্যাকসনের প্রতি আস্থা প্রকাশ করে গণমাধ্যমকে প্যারিস আরও বলেন, ‘বাবা আমাকে যা বলেছিলেন, আমি সেটিই বিশ্বাস করি। কারণ আমার জানামতে, বাবা কখনও আমাকে মিথ্যা বলেননি। আমার বাবাকে খুন করা হয়েছে। আমি তার দোষীদের উপযুক্ত শাস্তি কামনা করি।’

