জিএম কাদেরের বিষয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ আবার মত পরিবর্তন করেছেন। জাপার কো-চেয়ারম্যান পদে জিএম কাদেরকে দুই-এক দিনের মধ্যে পুনঃবহাল করা হবে আশ্বাস দিয়েছেন এরশাদ।
জিএম কাদের ইস্যুতে জাপার রংপুর বিভাগের আট জেলার নেতাদের গণপদত্যাগের ঘোষণার পরিপ্রক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মোস্তফা বলেন, ‘স্যার (এরশাদ) ফোন করে আমাকে ঢাকায় ডেকেছেন। বুধবার ঢাকাস্থ স্যারের বাসায় আমরা কয়েকজন জিএম কাদের বিষয়টি নিয়ে বৈঠক করি। বৈঠকে এরশাদ স্যার বলেন, তোমাদের দাবির সাথে আমি একমত। খুব দ্রুত জিএম কাদেরকে তার পদে নিয়ে আসা হবে। তাকে দু-এক দিনের মধ্যে আগের পদে পুনঃবহাল করা হবে। এ নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই।’ রসিক মেয়র আরও বলেন, ‘এর আগে আমাকে ম্যাডাম (রওশন এরশাদ) ফোন করেছিলেন। তিনি মাথা গরম করতে নিষেধ করেছেন। বলেছেন, তোমার স্যার (এরশাদ) এটা করেছেন। উনি অসুস্থ, চাপ দিও না, আমি করিয়ে নিচ্ছি। প্রত্যুত্তরে আমি তাকে বলেছি, আমরা আল্টিমেটাম দিয়েছি, এর রেজাল্ট পেতে হবে। তা না হলে গণপদত্যাগ ছাড়া ফিরছি না।’ উল্লেখ্য, গত ২৭ মার্চ রংপুরে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তে বিরোধীতা করে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আগামী ৫ এপ্রিলের মধ্যে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনঃবহাল করা না হলে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে গণঅব্যাহতি নেবেন নেতারা। এর পাশাপাশি এই বিভাগে দলের সব কার্যক্রম প্রতিহত করা হবে। দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের সাথে আমরা একমত নই। জাতীয় পার্টিকে বাঁচাতে দলীয় প্রধানের ভুল সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ রসিক মেয়রের আন্দোলনের ঘোষণার পরিপ্রেক্ষিতে দলের চেয়ারম্যান গতকাল বুধবার মোস্তাফাকে ঢাকায় ডেকে পাঠান। জিএম কাদেরকে পুনঃবহাল করার আশ্বাস দেন। পাশাপাশি তাদেরকে আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেন।

