জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ চার জন পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকরা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। পদত্যাগকারী শিক্ষকরা হলেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, সদস্য অধ্যাপক মাহবুব কবির ও সদস্য অধ্যাপক সাঈদ ফেরদৌস। আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা পদত্যাগ করেন।
এ বিষয়ে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারী শিক্ষক- শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও শিক্ষক সমিতি নির্লিপ্তভাবে উপাচার্যের পক্ষ অবলম্বন করে যাচ্ছে। এই অবস্থায় আমরা শিক্ষক সমিতি থেকে পদত্যাগ করছি।’
আর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, আমরা অনেকদিন ধরেই সমাধানের চেষ্টা করছি। কিন্তু সমাধান না আসায় আজকের হামলার ঘটনা ঘটেছে।
‘শিক্ষকদের নেতৃত্বে ছাত্রলীগ হামলা করেছে’ এবং ‘কোন শিক্ষক কি হামলার নির্দেশ দিতে পারেন কি না’- এমন প্রশ্নে, তিনি কিছুই জানেন না বলে জানান। এবং তোমরা(সাংবাদিকরা) যা দেখেছ তাই লিখবা বলে চলে যান।

