মেসার্স জাদিদ অটোমোবাইলসের মালিক শামীমুজ্জামান কাঞ্চনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ সেপ্টেম্বর দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত পত্রে তাকে তলব করা হয়।
তলবিপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর ও বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিম্ন মানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার (শামীমুজ্জামান কাঞ্চন) বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। তাই অভিযোগ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ (যদি থাকে) বক্তব্য প্রদানের জন্য তাকে আগামী ৯ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।
গতকালই দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী আলাদা পত্রের মাধ্যমে একই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চেয়ে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরে চিঠি দিয়েছেন।
চিঠিতে স্বাস্থ্য অধিদফতরে যেসব তথ্য চাওয়া হয়েছে এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
১. কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের গৃহীত একটি প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য “জাদিদ অটোমোবাইল্স” যার মালিক- শামীমুজ্জামান কাঞ্চনের সাথে সম্পাদিত চুক্তিপত্র, সরবরাহ আদেশ, জাদিদ অটোমোবাইলস কর্তৃক সরবরাহকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর তথ্য/চালান, উক্ত প্রতিষ্ঠানকে প্রদানকৃত/পরিশোধকৃত বিলের তথ্য/যাবতীয় রেকর্ডপত্রসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি ।
২. “জাদিদ অটোমোবাইলস” নামক প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদফতরের সম্পাদিত চুক্তি সংক্রান্ত নথি ও নোটশিটের সত্যায়িত ফটোকপি।
৩. কোভিড-১৯ সংক্রান্ত ওই প্রকল্পের আওতায় ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য সরঞ্জামাদি/যন্ত্রপাতির তথ্য, কোন কোন হাসপাতাল/প্রতিষ্ঠানে কী পরিমাণে সরবরাহ করা হয়েছে (প্রাপ্তি স্বীকারসহ) ও বর্তমানে কী পরিমাণ মজুদ রয়েছে, তার আইটেমভিত্তিক তথ্য এবং উক্ত প্রকল্পের আওতায় ৩১ আগষ্ট পর্যন্ত বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানকে কী পরিমাণ বিল পরিশোধ করা হয়েছে তার আইটেমভিত্তিক তথ্য ইত্যাদি।
একইভাবে ওষুধ প্রশাসন অধিদফতরে চাওয়া তথ্যের মধ্যে রয়েছে-
১. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির অনুমতির জন্য “জাদিদ অটোমোবাইলস” কর্তৃক মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদফতর বরাবর দাখিলকৃত আবেদনপত্রের সত্যায়িত ফটোকপি (সংলগ্নিসহ) এবং এ সংক্রান্ত ওই প্রতিষ্ঠানকে প্রদত্ত অনুমতিপত্রের সত্যায়িত ফটোকপি।
২. স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য জাদিদ অটোমোবাইলসের সাথে স্বাস্থ্য অধিদফতরের সম্পাদিত চুক্তিতে অসঙ্গতি থাকায় অত্র অধিদফতর থেকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতর বরাবর প্রেরিত পত্রের সত্যায়িত ফটোকপি (সংলগ্নিসহ) এবং এ সংক্রান্তে যদি কোনো নথি থাকে উহার সত্যায়িত ফটোকপি ইত্যাদি। পত্রে এসব রেকর্ডপত্র আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের অনুরোধ করা হয়েছে।

