ঝিনাইদহের মহেশপুরে শাপলা তুলতে গিয়ে ডোবায় ডুবে সাড়ে তিন বছরের জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের (ইউপি) উজ্জ্বলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাটিমা ইউপি সদস্য মন্টু মিয়া জানান, জহুরুল ইসলামের জমজ দুই মেয়ে হাসি ও খুশি সকালে বাড়ির পাশে খেলছিল। পরে আরো দুই শিশুসহ তারা পাশের ডোবায় শাপলা
তুলতে যায়। এ সময় দুই বোনকে ডুবতে দেখে অন্য দুই শিশু বাড়িতে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহবুবুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মহেশপুর থানার এসআই আলীমুজ্জামান দুই জমজ বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

