গবেষণা জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষকের পদাবনতি দেয়া হয়েছে। পদাবনতি হওয়া তিন শিক্ষক হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক এবং অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার বিকালে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিন শিক্ষকের মধ্যে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেয়া হয়েছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমরফারুকের পিএইচ ডি ডিগ্রি বাতিল সহ তাকে প্রভাষক পদে অবনমন করা হয়েছে।
এছাড়া সৈয়দ মাহফুজুল হক মারজান শিক্ষা ছুটি শেষে চাকরিতে যোগদান করার পর আর ও দুই বছর প্রভাষক পদে থাকবেন।

