জুলাই মাসে তালেবানের দ্রুত উত্থান শুরু হলে তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে এই খবর চেপে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২৩ জুলাই দুই প্রেসিডেন্টের মধ্যে ১৪ মিনিটের সেই চাঞ্চল্যকর কথোপকথন সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থার দাবি, সেদিন দুই প্রেসিডেন্টের মধ্যে ১৪ মিনিট কথা হয়েছিল। সেখানে গনিকে কিছু পরামর্শ দেন আমেরিকার প্রেসিডেন্ট। সেসময় গনিকে বাইডেন বলেছিলেন, যদি যুদ্ধে আফগান সেনা তালেবানের কাছে হারতে থাকে তাহলেও শেষ পর্যন্ত দেশের মানুষকে সেটা বলা যাবে না। তাদের বোঝাতে হবে যে আফগান সেনা জিতছে। এছাড়াও বাইডেনের পরামর্শ ছিল, সাধারণ মানুষকে আরও বোঝাতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের সাহায্যের জন্য রয়েছে। শেষ দিন পর্যন্ত এই ধারণা জিইয়ে রাখতে হবে। প্রয়োজনে গনি ও তার সরকারের মন্ত্রীদের সাংবাদিক বৈঠক করে একথা বলতে হবে। এই ফোনালাপে বাইডেনের কাছে গনি বেশ কিছু সাহায্য চেয়েছিলেন বলেও জানা গিয়েছে। তালেবানকে রুখতে মার্কিন বিমানবাহিনীকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে আফগান সেনার জন্য আর্থিক সাহায্যও চান গনি।
বাইডেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সব রকমের সাহায্য করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজন পড়লে আফগানদের দেশ থেকে বের করে আনা হবে। সেই সঙ্গে আফগান বাহিনীর প্রশংসা করেছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের অধীনে প্রশিক্ষণ নেওয়া তিন লাখ সেনা তালিবানকে রুখে দেবে বলেও জানান তিনি।
যদিও মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করার পরই একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে তালেবান। গত ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল করার পরে দেশ ছেড়ে পালান গনি। এই মুহূর্তে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ে রয়েছেন।
অন্য দিকে আফগানিস্তানের পতনের পরে বাইডেন জানান, তিনি ভাবতে পারেননি এত সহজে হেরে যাবে আফগান সেনা। তাদের জন্য যু্ক্তরাষ্ট্র আর লড়াই করবে না বলেও জানিয়ে দেন তিনি। তালেবানের দেয়া সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছেড়েছে তারা।

