আরিফুল ইসলাম:র্যাবের অভিযানে রাজধানীর ডেমরা এলাকা হতে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি কার্ভাড ভ্যানসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া অভিনব কায়দায় এম্বুলেন্সযোগে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ৮৫ কেজি গাঁজা ও ০১ টি এম্বুলেন্সসহ ০১ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,অভিনব কায়দায় এ্যাম্বুলেন্সযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা-র চালান চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে এমন তথ্যের ভিত্তিতে ৩রা-আগস্ট গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট স্থাপন করে এম্বুলেন্সের চালক মাদক ব্যবসায়ী মোঃদেলোয়ার হোসেন (৩৬)কে আটক করেছে র্যাব-৩ এর আভিযানিক দল। এসময় এম্বুলেন্স তল্লাশি করে এম্বুলেন্সের ভিতরে রোগীর জন্য নির্ধারিত বেডের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় প্রায় ২১ লক্ষ টাকা মূল্যের ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতের দেহ তল্লাশি করে ০১ টি মোবাইল ফোন ও নগদ ৩৭৪০/-টাকা এবং এম্বুলেন্স জব্দ করা হয়।
র্যাব-৩ এর সহকারী পরিচালক বলেন, সাক্ষীদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করার সময় এম্বুলেন্সে কোন রোগী ছিলনা। এম্বুলেন্স চলমান লকডাউনের আওতামুক্ত হওয়ায় অসাধু মাদক ব্যবসায়ীরা এম্বুলেন্সকে মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। এদিকে, ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফিরোজ শেখ (৪২)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল।এ বিষয়ে বীনা রানী দাস বলেন, স্টাফ কোয়ার্টার মোড় এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য ইয়াবা ট্যাবলেটের চালান বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে বুধবার দুপুরে ০১ টি কার্ভাড ভ্যানসহ মাদক ব্যবসায়ী ফিরোজকে আটক করা হয়। পরবর্তীতে কার্ভাড ভ্যান তল্লাশী করে কার্ভাড ভ্যানের সামনের এবং পিছনের দরজার মধ্যে বিশেষ কায়দায় ঝালাইয়ের মাধ্যমে পাটিশন তৈরী করে উক্ত স্থানে লুকানো অবস্থায় ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ কার্ভাড ভ্যানটিকে জব্দ করা হয়। তিনি বলেন,গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় মাদকদ্রব্য পাচার করে আসছে ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব ।

