এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে খুন

0
620

খুলনায় গতকাল শনিবার সকাল ৮টার দিকে সম্রাট খান (১১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। নগরীর দৌলতপুরস্থ পাবলা দফাদারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সম্রাট ব্যবসায়ী জাহিদ খানের ছেলে। পুলিশ ঘটনাটিকে রহস্যজনক সন্দেহ করছে। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, চুরির ঘটনা দেখে ফেলায় তাকে খুন করা হয়েছে।

Advertisement

পরিবার সূত্র জানায়, সকালে পিতা জাহিদ খান ঘরের দরজা খুলে তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে যান। এর কিছু সময় পর তার মাও পাশের বাড়িতে যায়। ঘরে একাই ঘুমিয়েছিল সম্রাট। সকাল সাড়ে ৮টার দিকে তারা ঘরে ফিরে আসে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পায়। পরে সম্রাটকে ডাকাডাকি করলে সে আর ঘুম থেকে ওঠেনি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। পরিবারের ধারণা, ঘরের দরজা খোলা পেয়ে হয়তো চোর ঢুকেছিল। কিন্তু সম্রাট দেখে ফেলায় তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে, স্থানীয়দের ধারণা, সম্রাট বুদ্ধিপ্রতিবন্ধী থাকায় প্রায়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। এ কারণে পরিবারের কেউ বিরক্ত হয়ে তাকে হত্যা করতে পারে। এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। বিশেষ করে ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকা এবং ছেলেটি কিছুটা মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই তার বাবা তাকে মারধর করতো বলে তথ্য পাওয়ায় সন্দেহ আরো বেড়েছে। হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here