গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামসুল ইসলাম (৩৭) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। সে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের বাসিন্দা। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়।
গতকাল শনিবার দিনগত রাতে ওই এ ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শাহারিয়ার জানান, শনিবার দুপুরে অভিযান চালিয়ে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে শামসুলকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে তার দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধার ও তার অন্য সঙ্গীদের ধরতে রাতে অভিযানে যায় পুলিশ।
এ সময় শামসুলকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন শামসুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডাকাতি করে আসছিলেন শামসুল।

