ইমদাদুল হক আশুলিয়া থেকে: ঢাকার সাভারস্থ আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৯ স্বর্লের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় দেড়শত ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ। ডাকাতি হওয়া দোকানের মালিক গৌরাঙ্গ বলেন, রাত ১ থেকে ২ টার দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করেন। এসময় তাদের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা সিকিউরিটি গার্ড ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করতে থাকে। ভয়ে সিকিউরিটি গার্ড ও দোকানের কর্মচারীরা চিৎকারও দিতে পারে নি।
ডাকাতরা একে একে ১৯ টি দোকানে ঢাকাতি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে আবার ইঞ্জিনের নৌকা দিয়ে নদী পথে চলে যায়। পুলিশ জানায়, বংশী নদীর তীরে আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের ১৯ টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা নৌপথে এসে ওই বাজারে ডাকাতি করেছে বলেও জানা গেছে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

