আমরা লোক দেখানো শুদ্ধি অভিযান করছি না : সেতুমন্ত্রী

0
593

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে কোথায় বসে কোন অপকর্ম করছেন, অপরাধ করছেন তার খোঁজ নেওয়া হচ্ছে।সময়মত টের পাবেন, বুঝতে পারবেন। ব্যবস্থা নেওয়া হবে। নেত্রী ঘরেরটা শেষ করে পরকে ধরবেন। সব আসবে। সব অপরাধী ধরা পড়বে এই জালে। সব অপকর্মকারীরা ধরা পড়বে।

Advertisement

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগের ৬টি সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আমরা লোক দেখানো শুদ্ধি অভিযান করছি না। আমরা প্রমাণ করব, আমাদের নেত্রী শেখ হাসিনা প্রমাণ করবেন অপকর্মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে আছেন। এ শুদ্ধি অভিযানে শুধু আওয়ামী লীগের লোক নয়, বিএনপিরও কে কি করেন সবার খোঁজখবর নেওয়া হচ্ছে।

সেতুমন্ত্রী ফেনীর নুসরাত হত্যা মামলার রায় নিয়ে বলেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিরও ফাঁসির রায় হয়েছে। নিজ দলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকার ছাড় দেয়নি। আমাদের অনেক এমপিকেও দুদক নোটিশ দিয়েছে। কোনো কোনো সাবেক মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। একজন এমপি দণ্ডিত হয়ে জেলে আছে।

তিনিচট্টগ্রামের নেতাকর্মীডের উদ্দেশে বলেন, চট্টগ্রামে বলে যাচ্ছি, হুঁশিয়ারি উচ্চারণ করছি- চিহ্নিত চাঁদাবাজরা সাবধান হয়ে যান, টেন্ডারবাজরা, ভূমি দস্যুরা, মাদকব্যবসায়ীরা সাবধান হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন শুরু হয়ে গেছে।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে তিনি রাজনীতি ছেড়ে দেবে বলে বিদেশ গিয়েছিলেন। ওয়ান ইলেভেনের পর বিদেশ থেকে বসে বসে ষড়যন্ত্রের গুটি চালছেন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন।

তিনি আরো বলেন, বিএনপি বসে নেই। বিএনপি ইস্যু খুঁজছে। নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনা ঘটিয়ে বিরোধীদের হাতে ইস্যু তুলে দেবেন না।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নগর কমিটির সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here