আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ছয়জন নিহত

0
572

খাগড়াছড়ির সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ খীসা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

Advertisement

এলাকায় আধিপত্য নিয়ে এই গ্রুপের সাথে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের মধ্যে  বিরোধ চলে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কান্তি চাকমা, পিসিপির যুগ্ম সম্পাদক এলটন চাকমা (২৮), জীতায়ন চাকমা (মহালছড়ি স্বাস্থ্য সহকারী) ও বরুন চাকমা। শনিবার উপজেলার স্বনির্ভর এলাকায় স্থানীয়দের নিয়ে সাধারণ জনসভার আয়োজন করে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। সকালে সভা শুরুর পর ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় গোলাগুলিতে অন্তত নয়জন গুলিবিদ্ধ হন। তাদের সদর হাসাপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতদের লাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here