ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৭জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। দায়েরকৃত মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল মরিচারচর নামাপাড়া গ্রামের আবুল বাশার ও রতন মিয়া। ওই গৃহবধূর স্বামী বলেন, রাত দেড়টার দিকে ৬-৭ জন যুবক আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে তারা আমার স্ত্রীকে উঠিয়ে ব্রহ্মপুত্র নদের চরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভোরের দিকে বাড়ির পাশে একটি খোলা স্থানে আমার স্ত্রীকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি(তদন্ত) মো. গোলাম মাওলা বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

